আড়াইহাজারে ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ

আড়াইহাজারে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মত্স্য অফিস। বুধবার বিকালে উপজেলার সদর পৌর সভার কামরানির চর বাজার থেকে এই মাছগুলো জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা আনিসুজ্জামান জানান, মত্স্য সপ্তাহের দ্বিতীয় দিন কামরানির চর বাজারে অভিযান চালিয়ে ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা ও ১৪০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়। এই সময় হাবিবুর রহমান নামে এক জেলেকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন। হাবিবুর  রহমানের বাড়ি সোনারগাঁও উপজেলায় বলে জানা গেছে।