সাভারের আশুলিয়ায় গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। বুধবার রাতে আশুলিয়া গরুরহাটে গরু বিক্রি করে প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহতরা হলেন ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকার শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন এবং একই এলাকার আবদুল লতিফ হোসেন ও তার ছেলে আবু সাঈদ। এছাড়া গাড়ির চালককেও বেধড়ক পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা।
আহত গরু ব্যবসায়ী হাজী আমজাদ হোসেন জানান, আশুলিয়া গরুর হাটে আটটি গরু বিক্রির ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে যানজটের কারণে টঙ্গাবাড়ী শাখা সড়ক দিয়ে রওনা করি। কিছুদূর যেতেই বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করা দেখে গাড়ি থামিয়ে দেয় চালক। পরে রাস্তার দুই পাশ থেকে সাত-আট জন ছিনতাইকারী এসে গাড়ির কাচ ভেঙে ফেলে। ছিনতাইকারীরা প্রথমে গরু ব্যবসায়ী আবু সাঈদের বাম হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তার বাবা আব্দুল লতিফ ও আমাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে আমাদের কাছে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার একটি আঞ্চলিক সড়কে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। খুব শিগিগরই ছিনতাইকারীদের গ্রেফতার করা হবে।