ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

বেসিক ব্যাংকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন—মেসার্স ইন্টারলিংক পিএলসি ও ইন্টারলিংক সেন্টারের প্রোপ্রাইটর সাদেকুল হক খান মিল্কি, মেসার্স ইন্টারলিংক পিএলসি ও ইন্টারলিংক সেন্টারের প্রোপ্রাইটরের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সাজ্জাদুল হক খান মিল্কি ও বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদ।

দুদকে দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসত্ উদ্দেশে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৫ সালের ৩১ জুলাই হতে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেসিক ব্যাংকের ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮২৭ টাকা আত্মসাত্ করেন।