আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে বিএনপি সংবাদমাধ্যমে কথামালা বর্ষণ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট ‘আরএইচডি’ ভবনে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ডব্লিউবিবিআইপি) আওতায় জাইকা ঋণ সহায়তায় চলমান দুইটি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে আটটি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি সই অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আরো বলেন, বিএনপি এখন জনরোষের ভয়ে বেপরোয়া আচরণ করছে।
জাপান সরকারের সহায়তায় দেশের পশ্চিমাঞ্চলে ছোট-বড় ২১টি সেতু নির্মাণ ও পুনঃনির্মাণ করা হবে। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণের লক্ষ্যে গতকাল নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিপত্রে প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুস সবুর এবং নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষে মৃত্যুঞ্জয় ঘোষাল স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাইকার বাংলাদেশ অফিস প্রধান ইউহো হায়াকাওয়া ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। এসময় মন্ত্রী দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দুই দেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। ঢাকা মহানগরীর যানজট নিরসনে মেট্রোরেল রুট-৬ জাপানের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
এছাড়া জাপানের আর্থিক সহায়তায় নির্মাণকাজ শেষ হয়েছে ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতী সেতুর। চট্টগ্রাম থেকে দেশের পর্যটন তীর্থ কক্সবাজার পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণে জাপানের অর্থায়ন এরই মধ্যে নীতিগত অনুমোদন হয়েছে বলে মন্ত্রী এসময় জানান। ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে মেট্রোরেলের কাজ এগিয়ে নেওয়ার অংশ হিসেবে করোনায় আক্রান্ত জনবলের চিকিত্সায় দুইটি ফিল্ড হাসপাতাল নির্মাণের কাজ শেষ হয়েছে। তিনি বলেন, মেট্রোরেলের নির্মিত ভায়াডাক্টের ওপর রেললাইন ও বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ এগিয়ে চলেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানুষের দুর্যোগ এবং কষ্টের সময় পাশে না দাঁড়িয়ে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারের অব্যাহত প্রচেষ্টা তুলে ধরে তিনি বলেন, পানিবন্দি মানুষের মানবিক সহায়তার পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্বাসন ও কৃষিখাতসহ বিভিন্ন খাতে ক্ষতি পুষিয়ে দিতে নেওয়া হচ্ছে গুচ্ছ পরিকল্পনা। উল্লেখ্য, জাপানের অর্থায়নে দেশের পশ্চিমাঞ্চলের ২৩টি জেলায় ছোট ও মাঝারি ৬১টি সেতু নির্মাণে ইতিপূর্বে গ্রহণ করা হয় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। এরই মধ্যে এ প্রকল্পের ২৫টি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে এবং ৩৫টি সেতুর নির্মাণকাজ শেষ হতে চলেছে। নতুন করে ২১টি সেতু নির্মাণের উদ্যোগের ফলে দেশের পশ্চিমাঞ্চলের সড়ক নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে অর্থ সাশ্রয় হবে এবং ভ্রমণ সময় কমে আসবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহরিয়ার হোসেনসহ প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।