৭০ টাকার ইনজেকশন আড়াই হাজার টাকায় বিক্রি!

চট্টগ্রামে রোগীদেরকে বাড়তি দামে ইনজেকশন কিনতে বাধ্য করার অভিযোগে রবিউল আউয়াল নামে এক চিকিত্সককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার গভীর রাতে নগরীর ইপিজেড মোড়ে সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিত্সকের চেম্বারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় চেম্বারে রাখা ৭৯টি বিভিন্ন রোগের ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় মামলা হয়েছে।

র্যাব-৭-এর সহকারী পরিচালক কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, রবিউল একজন অর্থোপেডিক চিকিত্সক। প্রাইভেট প্র্যাকটিসের পাশাপাশি তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালের অধীনে শ্রমিক সেবা কেন্দ্রে কর্মরত আছেন। তিনি ইনজেকশনের দাম বাজারমূল্যের চেয়ে অনেক বেশি রাখেন বলে রোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে তার চেম্বারে অভিযান চালাই। সেখানে একজন রোগীকে আড়াই হাজার টাকায় একটি ইনজেকশন কিনতে   দেখি। বাজারমূল্য যাচাই করতে গিয়ে দেখা যায় ইনজেকশনটির দাম মাত্র ৭০ টাকা। বাড়তি দাম নেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আমরা তাকে গ্রেফতার করি এবং তার চেম্বার থেকে বিভিন্ন ধরনের ৭৯টি ইনজেকশন জব্দ করি।