প্রকৌশলীকে লাঞ্ছিত করায় কচুয়া উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

চাঁদপুর শিক্ষা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নূর আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  এই তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের কর্মকাণ্ড উপজেলা পরিষদে কর্মরত কর্মচারীদের মধ্যে হাতাশা এবং ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থা সৃষ্টি ও জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কাসহ অন্যান্য উপজেলা পরিষদে বিরূপ প্রভাব ফেলতে পারে। সেহেতু, সরকার জনস্বার্থে তাকে পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়- উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১৩ (খ) ধারা অনুসারে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহানকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো; এবং কচুয়া উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কাজ পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

জানা যায়, গত শনিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নূর আলমের ওপর হামলার ঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে প্রকৌশলী নূর আলম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। তার সঙ্গে থাকা ইমাম হোসেন ও জহির হোসেনসহ আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে কচুয়া উপজেলা পরিষদের পাশে ৬ কোটি টাকা ব্যয়ে ‘কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ এর একটি ৬তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে ভবনের এক তলার ছাদ ঢালাই কাজ শেষ হয়েছে। নতুন করে কাজ করার জন্য ঠিকাদার আবার নির্মাণসামগ্রী আনে। ঐ নির্মাণসামগ্রীর মান যাচাই করার জন্য নির্মাণাধীন ভবনে গিয়েছেন উপসহকারী প্রকৌশলী নূর আলম। যাওয়ার সময় তিনি সঙ্গে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভকে নিয়ে যান। প্রকৌশলী ও ইউএনও নির্মাণসামগ্রী যাচাই করছিলেন। হঠাত্ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির তার লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।