গাজীপুরে ভেজাল মসলা কারখানায় অভিযান, জেল জরিমানা

গাজীপুর মহানগরীর পেয়ারাবাগান এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভেজাল হলুদ মরিচ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। আটককৃতরা হচ্ছে—পঞ্চগড়ের বোদা থানার তেপুরিয়া গ্রামের মৃত আ. রশিদের ছেলে বিল্লাল হোসেন (৩৮) ও রংপুরের পীরগঞ্জ থানার চত্রা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩০)। পরে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বাসন থানার এসআই শেখ মফিজুর রহমান জানান, নগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ঐ দুই ব্যক্তি দীর্ঘ দিন ধরে মেশিনের মাধ্যমে হলুদ ও মরিচের সঙ্গে কাঠের গুঁড়া, জর্দা রং ও কাপড়ের রং মিশিয়ে গাজীপুরের বিভিন্ন বাজারে বিক্রি করত। এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঐ এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই ব্যক্তিকে আটক করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসব মসলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরো জানান, পবিত্র ঈদুল আজহায় মসলার উচ্চ চাহিদার কথা বিবেচনায় অধিক মুনাফার আশায় এ কারখানা চালানো হচ্ছিল। অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর, বাসন থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।