অগ্নিদগ্ধ হওয়া চিকিত্সক দম্পতির মধ্যে ডা. রাজিবের অবস্থা খুবই সংকটাপন্ন। অচেতন অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিত্সা দেওয়া হচ্ছে। তবে তার স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্যকে ডাকলে সাড়া দিচ্ছেন। ডা. রাজিব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিত্সক। তার স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগে রেজিস্ট্রার। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর হাতিরপুলে নিজেদের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এই চিকিত্সক দম্পতি দগ্ধ হন। রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, রাজিবের অবস্থা সংকটাপন্ন। ওনার স্ত্রী ডাকলে সাড়া দিচ্ছেন। গতকাল রাজিবের চাচাতো বোন তপু ভট্টাচার্য বলেন, ‘ভাইয়ার এখনো কোনো নড়াচড়া নেই। তার বাবা-মাকে অসুস্থতার বিষয়ে জানালেও এমন অবস্থা সেটা জানানো হয়নি। ওনাদের পাঁচ বছরে একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রয়েছে।
গত মঙ্গলবার রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা পাশের মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হন। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।