আজ বরেণ্য শিক্ষাবিদ প্রয়াত আবুল কাশেমের ২৫তম মৃত্যুবার্ষিকী

আজ (২৪ জুলাই) বীর চট্টলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং রাউজান উপজেলার নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বরেণ্য শিক্ষাবিদ প্রয়াত মোহাম্মদ আবুল কাশেমের ২৫তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ১৯৯৫ সালের আজকের এ দিনে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন।

তিনি ১৯৩০ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলাধীন বোয়ালখালী উপজেলার আহলা সাধার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ইংরেজি শাস্ত্রে এম এ পাশ করেন।

তিনি বোয়ালখালী উপজেলা শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন আদর্শ স্কাউট ছিলেন এবং আমৃত্যু স্কাউটিং এর সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি পটিয়া উপজেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা কমিশনার ছিলেন এবং আমৃত্যু এ পদে অধিষ্ঠিত ছিলেন।

তাঁর জ্যেষ্ঠ সন্তান কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। পারিবারিক ভাবে তাঁর স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/আরএ