জেলা থেকে ছাড়া পেয়েই মাদক কারবারি তাণ্ডব

নওগাঁর রাণীনগরে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েই পূর্ব ঘোষণা দিয়ে একটি খাবার হোটেল ও মিষ্টির দোকানে ফিল্মি স্টাইলে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় মাদক কারবারি কোমল ও তার বাহিনী। এই ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাতোয়াল বাজারে জালালের খাবারের হোটেলে মারপিটের এই ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারি একই গ্রামের কোমল ও তার ছেলে শাকিলের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দোকানের মালিক জালাল প্রামাণিককে (৩৫) লাঠি, রড ও হাসুয়া দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত এবং দোকানের মালামাল ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় আট হাজার টাকা লুট করে। পরে জালালকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

স্থানীয়রা জানান, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করেনি। 

আরও পড়ুন: রৌমারী ও রাজিবপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আহত জালাল জানান, কোমলের মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বললেই সে ও তার ছেলেসহ সাঙ্গ-পাঙ্গরা বিভিন্ন রকমের হুমকি-ধামকি দিয়ে আসতো। তারই ধারাবাহিকতায় ঘোষণাা দিয়ে তারা আমাকে মারপিট করেছে। তাদের কর্মকা-ের বিরুদ্ধে কথা বললেই এধরনের ঘটনা ঘটায়। আমি এদের দৃষ্টান্তরমূলক শাস্তি চাই।

প্রত্যক্ষদর্শী জোবায়েদ হোসেন, আতিকুর হাসান ও রাজ্জাক জানান, কোমল ও তার ছেলে শাকিলসহ ওই সন্ত্রাসী বাহিনীরা সিনেমা স্টাইলে হাতে লাঠি, রড, হাসুয়া নিয়ে অন্যায়ভাবে জালালকে মারপিট করেছে। তারা সবাই দীর্ঘদিন যাবত মাদকের কারবারসহ নানা রকমের অনৈতিক কর্মকা- চালিয়ে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা কিংবা বাধা দিতে গেলেই মারপিট করে এবং বিভিন্ন রকমের হুমকি-ধামকি দেয়। তারা একাধিকবার জেল খেটেছে। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসি