শেখ হাসিনা কৃষক বান্ধব সরকার প্রধান — শ ম রেজাউল করিম

মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনা একজন কৃষিবান্ধব সরকার প্রধান। কৃষকদের ভর্তূকি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সার ও সেচ কাজে বিদ্যুত্ দাবি করতে গিয়ে কানসাটে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী রেবেকা খান, জেলা কৃষি বিভাগের উপপরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান প্রমুখ।

এ সময় এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রুপের ১৫০ জন কৃষকের মধ্যে পাওয়ার টিলার, ধান কাটা মেশিন, ধান মাড়াই যন্ত্র, সেচ পাম্প, ফুট পাম্পসহ বিভিন্ন উপরকরণ প্রদান করা হয়। একই দিন মন্ত্রী জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশ আজ মত্স্য সম্পদে স্বয়ং সম্পূর্ণ। বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় মত্স্য রপ্তানি কারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। পৃথিবীর ৮০ ভাগ ইলিশ আজ এদেশের নদনদীসহ বঙ্গোপসাগরে উত্পাদন হচ্ছে।

পরে মন্ত্রী উপজেলা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আট জন মাঠকর্মীকে বাইসাইকেল প্রদান করেন। এ সময় ১১ জন খামারিকে ঘর, গোখাদ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। একই দিন মন্ত্রী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।