পাঁচবিবিতে ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ

পাঁচবিবি-মঙ্গলবাড়ী-রাজশাহী সড়কের শালপাড়া বড়ডারা নামক এলাকায় বালুভর্তি একটি ট্রাক ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটির দুই পাড়সহ (মাটি সংযোগস্থল) মাঝখানে ভেঙে পড়ে গেছে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে সড়কের দুই পাশে যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো বিকল্প সড়ক দিয়ে পারাপার হচ্ছে। এলজিইডির আওতাধীন ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও প্রতিদিন এর ওপর দিয়ে রাজশাহী, ধামুইরহাট, মঙ্গলবাড়ী, জয়পুরহাট সদরের ধলাহার, চকবরকত ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন এবং উপজেলা সদরসহ দিনাজপুর-রংপুরের শত শত পণ্যবাহী ট্রাক, ভ্যান চলাচল করত। উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এফ এম খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাধারণ মানুষ যাতে পারাপার হতে পারে সে ব্যবস্থা আপাতত করে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই ব্রিজটিসহ উপজেলার তিনটি ঝুঁকিপূর্ণ ব্রিজের টেন্ডার প্রক্রিয়া চলমান আছে।