গত দুই দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনসহ লোহাগাড়া অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই সড়কের বিভিন্ন স্থানে ইট-পাথর-বিটুমিন উঠে গেছে। বাসচালকরা জানান, মহাসড়কে ছোট-বড় গর্তের কারণে চলাচলে দুর্ভোগসহ যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ সাংবাদিকদের জানান, মহাসড়কটিতে সওজের তিনটি গাড়ি রাস্তা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। যাতায়াতে ভোগান্তি এড়াতে মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করা হবে বলে তিনি জানান।