ধীরে শুরু ইংল্যান্ডের

বেন স্টোকস ছাড়া ব্যাট হাতে ইংল্যান্ডের কেউ সে রকম ফর্মে নেই। স্টোকসকে এই ম্যাচের প্রথম ইনিংসে একটু ওপরে তুলে পাঠানো হয়েছিল। তাতে কাজ হয়নি। কেমার রোচের নেতৃত্বে ইংল্যান্ডের টপ অর্ডারে আঘাত করেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। আর তার বিপরীতে ধীরে ধীরে ইনিংস বড় করার চেষ্টা করছে ইংল্যান্ড।

এই রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড ৪ উইকেটে ১৩১ রান তুলে চা বিরতিতে যায়। অলি পোপ ২৪  ও জজ বাটলার ২ রানে ব্যাট করছিলেন। চা বিরতির কিছু আগে ওপেনার ররি বার্নস ৫৭ রান করে আউট হন।

প্রথম দুই ম্যাচ শেষে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১-১ সমতা। ফলে ম্যানচেস্টারের এই শেষ টেস্ট হয়ে উঠেছে ফাইনাল। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই রোচ তুলে নেন ডম সিবলির উইকেট।

এরপর জো রুট ও স্টোকসকে নিয়ে ছোট ছোট দুটো জুটি করেন ররি বার্নস। রুট ১৭ রানে রান আউট হন। আর স্টোকস ২০ রান করে রোচের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন।