কাল থেকে দর্শক ফিরছে চীনে

চীনে করোনা-পরবর্তী পরিস্থিতিতে দর্শক মাঠে আসার অনুমতি দিয়েছে চাইনিজ বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সিবিএ)। যার ফলে আগামীকাল রবিবার থেকে সমর্থকরা মাঠে আসতে পারবেন। তবে এর আগে-পরে মানতে হবে একগাদা নিয়ম, জানিয়েছে সিবিএ।

সাময়িকভাবে এ সুযোগটা কেবল বিশেষ কিছু পেশার মানুষদের জন্য সীমাবদ্ধ রাখছে দেশটি। ফেডারেশনের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, আগামীকালের ম্যাচের টিকিট কেবল কিনতে পারবেন ডাক্তার, শিক্ষক কিংবা পুলিশরাই।

আগামী ৩১ জুলাই জনসাধারণের জন্যেও খুলে দেওয়া হবে স্টেডিয়ামের দুয়ার। উল্লেখ্য, পূর্ব চীনের শহর কিংদাওতে এ দিন থেকেই শুরু হচ্ছে চীনা বাস্কেটবল মৌসুমের নকআউট পর্ব। তবে খেলা দেখতে যাওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা-পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আগ্রহী দর্শকদের।

আগ্রহীদের ঝক্কি শেষ নয় এখানেই। ১২ বছরের ঊর্ধ্বে থাকা দর্শকদেরকে আপাতত অনুমতি দিচ্ছে সিবিএ। এরপর টিকিট কেনার আগেই জমা দিতে হবে পরিচয়পত্রের নমুনা ও করোনা পরীক্ষার ফলাফল। তারপরও একটির বেশি টিকিট মিলবে না কারো ভাগ্যেই।

আর ভেন্যুতে মাস্ক পরে ঢোকা, তাপমাত্রা পরীক্ষা, এক মিটার দূরত্ব রেখে গ্যালারিতে বসা, বের হওয়ার নিয়মও থাকছেই। ফলে স্বাভাবিকভাবেই কানায় কানায় গ্যালারি পূর্ণ হওয়ার দৃশ্যের দেখা মিলবে না সহসাই।