ম্যাচের আগেই চাকরি ছাড়লেন ক্রুইফ-পুত্র

একটি ম্যাচেও কোচিং না করিয়ে ইকুয়েডর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জর্দি ক্রুইফ। তবে সাবেক বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ঠিক কি কারণে চাকরি ছেড়েছেন এ ব্যাপারে কিছুই জানায়নি কোনো পক্ষই।

গেল জানুয়ারিতে ইকুয়েডর কোচের পদে আসীন হন ডাচ এই কোচ। করোনা সংক্রমণের কারণে এরপর মার্চ থেকে দেশটিতে ছিলেন না তিনি, অবশ্য এতে সায় ছিল ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের।

তবে গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইয়োহান ক্রুইফের সন্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর খবরটি প্রকাশ পায়। বিবৃতিটিতে বলা হয়, ‘জাতীয় দলের কোচ ফেডারেশনের প্রেসিডেন্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছে। স্বেচ্ছায় কোচের পদত্যাগের ফলে ক্ষতিপূরণসহ চুক্তিতে যেসব ধারা ছিল তার সবগুলোকে সম্মান দেখানো হবে।’