উইজডেন ট্রফি এখন রিচার্ডস-বোথাম

১৯৬৩ সালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক সিরিজের নামকরণ করা হয় ‘উইজডেন ট্রফি’। ক্রিকেটের বাইবেল বলে পরিচিত উইজডেন অ্যালম্যানাকের সম্মানে এই নামকরণ করা হয়েছিল। এতদিন পর এসে এই ট্রফির নাম বদলে ফেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস ও ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামের নামে এই ট্রফির নাম রাখা হচ্ছে। এই সিদ্ধান্ত জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে প্রিয় বন্ধুর সঙ্গে এমন সম্মান পেয়ে উচ্ছ্বাস ফুটে উঠেছে রিচার্ডসের প্রতিক্রিয়ায়, ‘ইংল্যান্ডে গিয়ে সমারসেটের হয়ে খেলার সুযোগ যখন পেলাম, প্রথম যে মানুষগুলোর সঙ্গে দেখা হয়েছিল, তাদের একজন ছিল ইয়ান বোথাম। পরে সে আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন হয়ে ওঠে। আজীবনের বন্ধু আমরা। ক্রিকেট মাঠে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের নামকরণ আমাদের নামে হওয়া দারুণ ব্যাপার। আমার মনে হয়, মাঠের বাইরে আমাদের সম্পর্কও ফুটে উঠছে এতে, যা অসাধারণ।’