একসময় বিশ্বের সবচেয়ে বড় গির্জা থেকে মসজিদ পরে জাদুঘরে রূপান্তরিত হওয়া দেড় হাজার বছরের পুরোনো হায়া সোফিয়াকে সম্প্রতি আবারও মসজিদে রূপান্তর করা হয়েছে। তুরস্কের ঐতিহাসিক এই মসজিদে শুক্রবার ৮৬ বছর পর প্রথমবারের মতো হাজারো মুসলিম জুমার নামাজ আদায় করেছেন। হাজার হাজার মানুষ মসজিদটির আশপাশের এলাকা ও রাস্তায় জুমার নামাজে অংশ নেন। নামাজে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ দেশটির সরকারের ঊর্ধ্বতন আরো বেশ কয়েক জন কর্মকর্তা।
বহুলালোচিত এই মসজিদে এক হাজার মুসল্লির ধারণক্ষমতা থাকলেও উদ্বোধনী দিনে জুমার নামাজ আদায়ের জন্য এর আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান নেন। এর আগে বৃহস্পতিবার ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ালিকায়া বলেন, মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, উদ্বোধনের সময় সবাই সেখানে অংশ নিতে চান। প্রায় দেড় হাজার বছর আগে অর্থোডক্স খ্রিষ্টানদের প্রধান গির্জা (ক্যাথেড্রাল) হিসেবে হায়া সোফিয়া প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পর অটোমান শাসকরা এটিকে মসজিদে রূপান্তরিত করেন। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে তত্কালীন ধর্মনিরপেক্ষ তুর্কি সরকার। ১৯৮৫ সালে জাদুঘর হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্য স্থাপনা ঘোষণা করে ইউনেস্কো। গত ১০ জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ দেন। মসজিদ ছাড়া অন্যকিছু হিসেবে এটির ব্যবহারকে অবৈধ বলেও জানান আদালত।