সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলাচলকারী পরিবহনে চাঁদাবাজির সময় আনোয়ার হোসেন নামে এক চিহ্নিত চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন নীলফামারী জেলার জলঢাকা থানার ইয়াছিন হোসেনের ছেলে। আশুলিয়া থানার এসআই হারুন-অর রশিদ জানান, আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় লাব্বাইক পরিবহন থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি বাস থেকে চাঁদা আদায়ের সময় আনোয়ার হোসেনকে আটক করা হয়। তবে এ সময় তার পাঁচ-ছয় জন সঙ্গী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঐ চক্রটি দীর্ঘদিন যাবত্ একই এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।