বিদেশগামীদের নমুনা পরীক্ষায় দরকার যৌক্তিক সময় :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিদেশগামীদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় একটি যৌক্তিক সময় ঠিক করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশগামীদের নমুনা পরীক্ষার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্র। এক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু নমুনা পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘ লাইন একদিকে বিদেশগামীদের ভোগান্তি বাড়াচ্ছে, অন্যদিকে রিপোর্ট পাওয়া পর্যন্ত তারা থাকে উদ্বেগে। কেউ কেউ অভিযোগ করছেন, নমুনা দেওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে সংক্রমিত হলে তা বিদেশে নমুনা পরীক্ষায় ধরা পড়তে পারে, তখন প্রাপ্ত সনদ কাজে আসবে না বা বিশ্বাসযোগ্য হবে না। তাই বিদেশগামীদের   নমুনা পরীক্ষায় একটি যৌক্তিক সময় নির্ধারণ করা দরকার।

গতকাল শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধসামগ্রী ও বন্যার্ত জেলাসমূহে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, নমুনা গ্রহণ এবং রিপোর্ট প্রদান করে তাদের উদ্বেগ কমানোর জন্য স্বাস্থ্যবিভাগের নজর দেওয়া জরুরি। পাশাপাশি নমুনা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার পরিবর্তে অনলাইন রেজিস্ট্রেশন এবং বিদেশগামীদের জন্য বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে। রিপোর্ট প্রদানের ক্ষেত্রে সময়ক্ষেপণ না করে বিশেষ ব্যবস্থাপনায় এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের রিপোর্ট আগে বা স্বল্প সময়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগ মোকাবিলায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। এই শক্তিশালী অবস্থানে থাকা সম্ভব হয়েছে গত এক দশকে শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতার কারণে।

তিনি আরো বলেন, আন্দোলন ও নির্বাচনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা অপরাজনীতির অন্ধকার গিরিখাদে দিকভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ বকতে শুরু করেছেন। নিজেদের দুর্বলতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদগার ও চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিং নির্ভর গলাবাজির রাজনীতি করছে বিএনপি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক দেশের যে কোনো সংকট ও দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেন, দেশের এই সংকটে বিএনপি কোনো কার্যক্রমে নেই। তারা প্রেস ব্রিফিং করা ছাড়া আর কিছুতেই নেই।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।