করোনা চিকিত্সায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণা মামলাসহ দুই মামলার তদন্ত করছে র্যাব। গত ১৭ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে র্যাব। উত্তরায় সাহেদের বাসায় অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধারের ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার তদন্তভার র্যাবে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণলায়ে আবেদন করা হয়েছে। এর আগে প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের মধ্যে আট দিনের রিমান্ড শেষ হয়েছে গতকাল।
এদিকে সাহেদের আরেক সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশীদ তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তরিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। এর আগে গত ৯ জুলাই সকালে তরিকুলকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করে র্যাব। গত ১০ জুলাই পাঁচ দিন এবং ১৬ জুলাই সাত দিনের জন্য তার রিমান্ড মঞ্জুর করে আদালত।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রতারণার মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ডের মধ্যে ছয় দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। গত বৃহস্পতিবার থেকে র্যাব সাহেদকে জিজ্ঞাসাবাদ করছে।
অপরদিকে, গত ৯ দিনে রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় সাহেদের প্রতারণা ও নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগীরা ১৫৩টি অভিযোগ করেছেন। এদের মধ্যে কয়েকটি অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে জানিয়েছে পুলিশ।