গাইবান্ধায় পানি বৃদ্ধি অব্যাহত

দফায় দফায় বর্ষণ ও উজানের ঢলের কারণে গাইবান্ধায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়ে শুক্রবার নতুন করে জেলার সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন এবং একটি পৌরসভার নদী তীরবর্তী এলাকাগুলো বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। 

এ ছাড়া গত ২৫ জুন থেকে জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৬ ইউনিয়নের প্রায় দেড় লাখ লোক পানিবন্দি হয়ে বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এদিকে গত বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বিকেল ৩টা পযন্ত চব্বিশ ঘণ্টায় গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি আরও ১০  সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। ফলে শুক্রবার বিকেল ৩টায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় করতোয়ার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, গত চব্বিশ ঘণ্টায় জেলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। দফায় দফায় বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আর এ কারণে এবার বন্যা র্দীঘস্থায়ী হবে।

ইত্তেফাক/কেকে