ছাঁটাই কোনো সমাধান নয় :রতন টাটা

একদিকে মহামারী, অন্যদিকে চাকরি হারানোর ভয়। দুইয়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছে মধ্যবিত্তরাঅ তথ্য প্রযুক্তি থেকে গাড়ি সমস্ত শিল্পের একই হাল। খরচ কমাতে ব্যাপকহারে ছাঁটাই করছে প্রায় সব সংস্থা। বিভিন্ন সংস্থার এই মনোভাবের তীব্র সমালোচনা করলেন ভারতে টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। তিনি বলেন, কর্মী ছাঁটাই সংস্থার সমস্যার কোনো সমাধান হতে পারে না।

করোনা পরিস্থিতির সুযোগে বহু সংস্থা ব্যাপকহারে ছাঁটাই করেছে। বেতন কমিয়েছে কর্মীদের। উল্লেখ্য, টাটা গোষ্ঠীর কোনো সংস্থা থেকে এখনো পর্যন্ত কর্মী ছাঁটাই হয়নি। অথচ এই গোষ্ঠীর একাধিক ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে। তবে  কর্মীদের গায়ে তার আঁচও পড়েনি। এমন পরিস্থিতিতে কর্মী ছাঁটাই ‘অসংবেদনশীলতার পরিচয়’ বলেও মন্তব্য করেছেন রতন টাটা।

টাটা গোষ্ঠীর কর্ণধার বলেন, ভারতের কিছু কর্পোরেট সংস্থা যেভাবে কর্মী ছাঁটাই করেছে তা খুবই হঠকারী পদক্ষেপ। এর থেকে বোঝা যায়, এসব সংস্থার নেতৃত্বস্থানে যারা রয়েছেন তাদের মধ্যে কোনো সহানুভূতি নেই। এক ওয়েবসাইটেকে দেওয়া সাক্ষাত্কারে রতন টাটা আরো বলেন, কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের প্রতি সংবেদনশীল না হলে টিকে থাকতে পারে না। মানছি যে, করোনা সংকটে সকলেই আক্রান্ত। কিন্তু তা সত্ত্বেও সকলে মিলে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পথ বের করতে হবে। যেমন, ওয়ার্ক ফ্রম হোম একটা সমাধানের পথ, কিন্তু কর্মী ছাঁটাই সমাধানের পথ নয়। ভুলে গেলে চলবে না, সবথেকে কঠিন সময়েই নতুন পথ বের হয়। —সংবাদ প্রতিদিন