চলে গেলেন লেখক-প্রকাশক আহমেদ মাহফুজুল হক

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে লেখক-প্রকাশক আহমেদ মাহফুজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। ইন্নালিল্লাহি...রাজিউন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা অধিকর্তা ছিলেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ মাহফুজুল হক ঐ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি সৃজনশীল প্রকাশনা জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং ষাট দশক থেকে অত্যন্ত গৌরব, সৃজনশীলতা ও নিষ্ঠার সঙ্গে বই প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স তাদের পারিবারিক প্রতিষ্ঠান। তার মৃত্যুতে বাংলাবাজার বইপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। —প্রেস বিজ্ঞপ্তি