তালায় অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

সাতক্ষীরার তালায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা জানান, তালার মাগুরা ইউনিয়নের ফলেয়া-চাঁদকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আনুষ্ঠানিক আয়োজন ছিল শুক্রবার দুপুরে। তথ্য পেয়ে, তিনি বিষয়টি তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা ও তালা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন।

পরে বিকালের দিকে তিনি এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের ওসিসির প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক সংশ্লিষ্ট মাগুরা ইউনিয়নের বিবাহ নিবন্ধক মাও. গোলাম রহমান, ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক, ইউডিসি’র পরিচালক মো. আশরাফ হোসেনকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান। গিয়ে দেখেন, বিয়ের প্যান্ডেল, উভয় পক্ষের আত্মীয়-স্বজনরা খাওয়া দাওয়া করছে।

প্রতিরোধীদের উপস্থিতি বুঝতে পেরে বর পক্ষ ও আত্মীয়রা পালিয়ে যায়। অতঃপর, তারা মেয়ের জন্ম সনদ ও স্কুল রেজিস্ট্রেশন পেপারে দেখতে পান তার বয়স ১৫ বছর ছয় মাস। এসময়ে ছাত্রীর মা-বাবাকে বাল্যবিয়ের কুফল ও আইন সম্পর্কে অবহিত করেন। সবকিছু জানা-বুঝার পর ছাত্রীর মা-বাবা তাদের মেয়েকে ১৮ বছর বয়সের আগে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

ইত্তেফাক/এমআর