টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খান আহমেদ শুভ করোনায় আক্রান্ত হয়েছেন।
খান আহমেদ শুভর গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের রাজাপুর কহেলা গ্রামে। তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বর্তমান টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা মো. ফজলুর রহমান খান ফারুকের ছেলে।
টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত টাঙ্গাইলের ১২ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০৩ জন এবং মারা গেছেন ২২ জন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, মির্জাপুরে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতংক ছড়িয়ে পড়েছে। (কোভিট-১৯)-এ মির্জাপুরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১২ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সাবেক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পুলিশ, স্বাস্থ্য কর্মীসহ নানা পেশার মানুষ। টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে মির্জাপুরে একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হয়েছে সর্বাধিক।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আবদুল গনি এবং মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম জানিয়েছেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে সচেতন করা হচ্ছে।
এদিকে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আওয়ামীলীগ নেতা খান আহমেদ শুভ করোনায় আক্রান্ত হওয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বর্তমান ও সাবেক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্নস্তরের জনসাধারণ।
ইত্তেফাক/এমআরএম