বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে বরিশাল মুসলিম কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে ফাতেহা পাঠ করে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন প্রতিমন্ত্রী। এ সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক খলিলুর রহমান, লঞ্চ মালিক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তার বড় ছেলে সুকান্ত আব্দুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা। তিনি ওই রাতের যেমন প্রত্যক্ষদর্শী ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হয়েছিলেন। রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও সাহান আরা আব্দুল্লাহর পরিচিত ছিল, তিনি বরিশাল জেলা মহিলা লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী বরিশাল পৌঁছালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতারা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এদিন নারায়ণগঞ্জ থেকে নৌযোগে প্রতিমন্ত্রী বরিশাল যান। সেখান থেকে পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
ইত্তেফাক/ইউবি