মারা গেলেন গৌরীপুরের সেই দগ্ধ বিদ্যুৎকর্মী

ময়মনসিংহের গৌরীপুর বিউবি কার্যালয়ের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডে দগ্ধ বিদ্যুৎকর্মী হাবিবুর রহমান হবি মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেলে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

গৌরীপুরের আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুণ্ডু জানান, হবি বিদ্যুৎ বিভাগের চুক্তিভিত্তিক মিটার পাঠক হিসাবে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি দৈনিক মুজুরিতে অফিসের বিভিন্ন কাজ করতেন। গত ১৭ জুলাই গৌরীপুর কন্ট্রোল রুমে রক্ষণাবেক্ষন কাজে ময়মনসিংহ থেকে আসা প্রকৌশলীদের ডিজেল সরবরাহ ও সহযোগিতার জন্য তাকে মুজুরির ভিত্তিতে রাখা হয়েছিল। কিন্তু তিনি পরিষ্কার করতে করতে কখন মেশিনের ভিতর প্রবেশ করেছে তা কেউ খেয়াল করেনি। তখন সে বিদ্যুৎ তাড়িত হয়। 

আরও পড়ুন: ঝালকাঠিতে রাতে আঁধারে বাসন্ডা নদী দখলে এনএস মাদরাসা কর্তৃপক্ষ

উল্লেখ্য, ভবিষ্যতে নিয়োগের আশায় এসব কর্মীরা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করেন। ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। 

ইত্তেফাক/এসি