করোনায় ঘরবন্দী সময় কাটিয়ে গেল মাসে শুটিংয়ে ফিরেছেন মডেল ও অভিনেত্রী ফারজানা রিক্তা। আসছে ঈদকে ঘিরে এখন তুমুল ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। আসছে ঈদে প্রায় এক ডজনেরও বেশি নাটকে দেখা যাবে তাকে।
জানা যায়, আসছে ঈদে প্রায় ১৫টি নাটকে দেখা যাবে রিক্তাকে। নাটকগুলোতে রিক্তার বিপরীতে দেখা যাবে জাহিদ হাসান, আ খ ম হাসান, মীর সাব্বির, আরফান আহমেদ, নয়ন বাবু, আমিরুল ইসলাম নয়ন প্রমুখকে।
রিক্তা অভিনীত ঈদে প্রচার হতে যাওয়া নাটকগুলোর মধ্যে রয়েছে সাত পর্বের ‘বিগ বস’, ‘আমি বাবা হতে চাই’, ‘শিয়াল বাড়ি’, ‘ডলার’, ‘জামাই আমার পয়সাওয়ালা’, ‘স্বপ্ন পুরুষ’, ‘হার্টলেস মঞ্জু’, ‘ধারের ভার’, ‘করোনা জামাই’, ‘থার্মোমিটার জামাই’, ‘লাভার জামাই’ , ‘আব্দুল বারেক জাপান যাবে’।
ফারজানা রিক্তা বলেন, গেল মাসের ৫ তারিখ থেকে কাজ শুরু করি। দেশের যা পরিস্থিতি তাতে করে সবসময় ভয়ে থাকতে হয়। তারপরও কাজ করে যাচ্ছি। নিজেকে নিরাপদ রেখে খুবই সতকর্তা অবলম্বন করে শুটিং করছি।
রিক্তা আরও বলেন, এবার করোনা পরিস্থিতি চিন্তা করে গল্পের প্রেক্ষাপট বদলে কাজ করেছি। গল্পে অনেক সময় নায়ক-নায়িকা পরস্পরের হাত ধরে থাকেন। কিন্তু এবার এসব বিষয় পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটি সেটের পরিচালক খুবই সচেতন ছিলেন। কারণ তারা সবসময়ই চেয়েছেন শিল্পী বা অন্য কেউ যাতে করোনায় আক্রান্ত না হন।
ইত্তেফাক/বিএএফ