বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
তেঁতুলিয়ার ভাঙনে ধুলিয়া ইউনিয়নের আবাদি জমি, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে রয়েছে। পাঁচ-সাত দিনের নদী ভাঙনে বিলীন হয়ে গেছে ধুলিয়া লঞ্চঘাট ও নতুন বাজার এলাকার অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর। শনিবার ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘাট থেকে পশ্চিমে নতুন বাজার পর্যন্ত আবাদি জমি, ঈদগা মাঠ, মসজিদ, মাদ্রাসা এবং ধুলিয়া লঞ্চঘাটের যাত্রী ছাউনি, বৈদ্যুতিক খুঁটিসহ বহু গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে অন্যত্র সরে গেছে। স্থানীয়রা ভাঙন রোধে ইতিপূর্বে নদীর তীরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।