আকাশ আর জলের মিতালি নিকলীর হাওরে

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীর হাওরে এখন আকাশ আর জলের মিতালি যেন অনন্য দৃশ্য সৃষ্টি করেছে। বেড়িবাঁধে দাঁড়িয়ে দেখা যায়, নীলাভ আকাশ জুড়ে সজিনার সাদা ফুলের রং লেগে আছে। রোদ ভরা দুপুরে আকন্দফুলের কালো ভিমরুল এইখানে করে গুঞ্জরণ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতার মতো ‘এখানে আকাশ নীল’র প্রতিটি পঙক্তি মূর্ত হয়ে উঠেছে নিকলীর হাওর এলাকায়। নিকলীর হাওরাঞ্চলে নীল আকাশের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের সব সময় মুগ্ধ করলেও, বর্ষায় হাওরের বিস্তীর্ণ নীলাভ জলরাশির সঙ্গে সাদা মেঘ ওড়া আকাশ নীলের মিলিত সৌন্দর্য আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে। বর্ষার এ সময়টায় হাওরে নৌকায় বসে তপ্ত দুপুরে রোদের ঝিলিক আর মাঝেমধ্যেই নীল আকাশে দলছুট সাদা মেঘের ওড়াউড়ি মন্ত্রমুগ্ধ করে তোলার মতো। সরেজমিন হাওর ঘুরে দেখা যায়, নিকলীর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন বর্ষার পানিতে টইটম্বুর। যতদূর চোখ যায় পানি আর পানি।  হাওর নিয়ে কথা হয় নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম ছিদ্দিকীর সঙ্গে। তিনি বলেন, হাওর বাংলাদেশের নাভিমূল। হাওরের আকাশ, বাতাস, প্রকৃতিই হলো বাংলাদেশ। হাওরকে না দেখলে বাংলাকে চেনা যাবে না। বাংলার প্রকৃত রূপ দেখতে হলে হাওর দেখা উচিত বলে মত তার। তবে এ বছর করোনার কারণে পর্যটকদের হাওরে আসা নিষেধাজ্ঞা রয়েছে।