কুমিল্লা প্রতিনিধি
দ্বিতীয় পর্যায়ে কুমিল্লা জেলা পুলিশের আরো ৫৬ জন করোনা জয়ী সদস্য প্লাজমা ডোনেট করতে ঢাকায় যাচ্ছেন। শনিবার দুপুরে পুলিশের একটি বাসযোগে তারা ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে কুমিল্লা পুলিশ লাইন ছেড়ে যান। ঢাকায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে তারা প্লাজমা ডোনেট করবেন।
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পরে তাদের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
অনুষ্ঠানে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ে শনিবার ৫৬ জন সদস্যের মধ্যে দুই জন পরিদর্শক, ১২ জন এসআই, ১৫ জন এএসআই ও ২৭ জন কনস্টেবল প্লাজমা ডোনেট করতে ঢাকায় যাচ্ছেন। এর আগে গত ৯ জুলাই ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করেন। দেশের মধ্যে এ জেলা থেকেই কুমিল্লা পুলিশের সর্বোচ্চ সংখ্যক মোট ৮৩ জন প্লাজমা ডোনেট করতে ঢাকায় যান।