আলীমগঞ্জের সেন্টারপাড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, চালকদের দাবি নির্মাণ ত্রুটি

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জ সেন্টারপাড়ায় কোরবানীর গরু বোঝাই ট্রাক উল্টে তিনটি গরুসহ কয়েক ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার কিছুক্ষণ আগের এই দুর্ঘটনাস্থলে গত ১০ জুলাই যাত্রীবাহী একটি বাস রং সাইডে গিয়ে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। ফলে ট্রলিটি বাসের নিচে ঢুকে গিয়ে চালক ঘটনাস্থলেই নিহত হন।

জানতে চাইলে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দামকুড়া থানা এলাকায় যত দুর্ঘটনা ঘটে তার ৮০ ভাগই হয় আলীমগঞ্জ সেন্টারপাড়ায়। ওসি বলেন, ওই স্থানটিতে একাধিক বাঁক রয়েছে। সেইসঙ্গে রাস্তাটিও মারাত্মক পিচ্ছিল। তিনি নিজের চালকদের সঙ্গে কথা বলেছেন। চালকরা তাকে জানিয়েছেন, সড়কের ওই অংশে এসে গাড়ি ভেসে যায়। এটা রাস্তার নির্মাণ ত্রুটি। বিষয়টি সড়ক বিভাগকে জানানো হয়েছে। তারা যদি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় তাহলে দুর্ঘটনা কমবে।

আরও পড়ুন: রাজশাহী করোনা উপসর্গে কলেজছাত্রের মৃত্যু

ওসি আরও বলেন, ১০ জুলাইয়ের দুর্ঘটনায় বাস এবং ট্রলিটি যে স্থানে পড়ে ছিল ঠিক সেই স্থানেই শুক্রবার সন্ধ্যার আগে উল্টে পড়েছিল ট্রাকটি। স্থানীয়রা বলছেন, আলীমগঞ্জ এলাকার একই স্থানে রয়েছে একাধিক বাঁক। রাস্তাটিও খুব পিচ্ছিল। একটু বৃষ্টি হলেই সেই বাঁকে গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালকরা। ফলে প্রতিনিয়তই এলাকাটিতে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ৬-৭ জন ব্যবসায়ী গরু নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম। আলীমগঞ্জ বাঁকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। চালক ট্রাক নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ট্রাকটি যে দিক থেকে আসছিল সে দিকে ঘুরেই রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকে ২০টি গরু ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত দুটি গরু জবাই এবং একটি পা ভাঙা গরু স্থানীয়ভাবে বিক্রি করা হয়। অন্য গরুগুলোও কিছুটা আহত হয়। দুর্ঘটনায় একজন ব্যবসায়ী গুরুতর জখম হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ব্যবসায়ীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

ইত্তেফাক/এসি