স্পোর্টস রিপোর্টার
করোনাকালে ক্রিকেটহীন দিনগুলোতে বিয়ের হিড়িক লেগেছে বাংলাদেশ জাতীয় দলে। আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্তর পর বিয়ের পিঁড়িতে বসেছেন সাদমান ইসলাম অনিক। টেস্ট দলের এই বাঁহাতি ওপেনার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন গত শুক্রবার। বিয়ের বিষয়টি সাদমান নিজেই নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেছেন, ‘গতকালকে (শুক্রবার) বিয়ে করেছি। ওর নাম নাশা ওয়ালিদ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করছে। আগে থেকেই জানাশোনা ছিল। গতকাল ঢাকায় আমাদের বিয়ে হয়েছে।’
গত বৃহস্পতিবার নববধূর সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানের একটি ছবি সাদমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তাতেই বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে। সাদমানের বাবা শহীদুল ইসলাম বিসিবির জ্যেষ্ঠ কর্মকর্তা। গেম ডেভলপমেন্ট বিভাগে অনেক বছর ধরে কর্মরত আছেন তিনি।
বয়সভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় দলে আসেন সাদমান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন তিনি। গত মার্চে অস্ট্রেলিয়া থেকে কব্জির অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন সাদমান।