আজকালের মধ্যে জাতীয় ফুটবল দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

কাতার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে খেলার জন্য জাতীয় ঘোষণার কাজটা এগিয়ে এনেছেন বলে জানা গেছে বাফুফে সূত্রে। ইংল্যান্ডে বসে ইংলিশ কোচ জেমি ডে তার সহকর্মীদের নিয়ে কাজটা গুছিয়ে এনেছেন। এখন যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে আজকালের মধ্যেই নাম ঘোষণা হবে। বাফুফে জানিয়েছে নামগুলো কোচের হাতে। তিনি পাঠালেই প্রকাশ করা হবে। কত জনের নাম ঘোষণা করা হবে তা প্রকাশ করেনি বাফুফে। সূত্রমতে ৩৫ প্লাস। ৩০ থেকে ৩৫ জনের নাম ঘোষণা করা হবে। কারণ এখন তৈরি করে খেলানোর মতো পরিস্থিতি নেই। আগের চার ম্যাচে যারা খেলেছেন তাদের মধ্যে বেশির ভাগ ফুটবলার থাকছেন, এই সঙ্গে দুই একজন বাদ পড়তে পারেন এবং দুই জন ঢুকতেও পারেন দলে। আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল বাদ পড়তেও পারেন। নাও ডাক পেতে পারেন ইনজুরি কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠা বসুন্ধরা কিংসের মাসুক মিয়া জনি। পুলিশের অধিনায়ক শেখ রাসেল, বাবলুর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। উত্তর বারিধারার সুমন মিয়া রয়েছেন তালিকায়। বাদপড়া কিংবা ঢোকার বিষয়টি নিয়ে ফুটবলে গুঞ্জন রয়েছে। এখন মূল তালিকা না প্রকাশ করা পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানার পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই। জাতীয় দলে দারুণ খেলছেন। তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স গোলপোস্টের নিচে শক্ত অবস্থান করে দিয়েছে। আরো আছেন বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। মোহামেডানের গোলকিপার সুজনের কথা জানা গেল সে নাকি এখন ইনজুরিতে রয়েছেন। দ্রুত সেরে উঠতে পারলে জাতীয় দলে সুযোগ হয়েও যেতে পারে। এছাড়ও মতিন মিয়া, বিশ্বনাথ, তপু বর্মন, মামুনুল ইসলাম তো থাকছেনই সঙ্গে দুই-চারজন নতুন মুখও থাকবেন।

প্রবাসী ফুটবলার ফিনল্যান্ডের তারিক কাজীকে দলে নেওয়া হচ্ছে। এই ফুটবলার ঢাকায় বসুন্ধরা কিংস-এ খেলেছেন। তার পারফরম্যান্স দর্শক চোখে না পড়লেও নিজেদের মেলে ধরার খুব একটা সুযোগও পাননি তিনি। একটু সময় পেলে মানিয়ে নেওয়ার সুযোগ পেলে হয়তো তারিক কাজী সবার নজর কাড়তে পারেন। এই তরুণ খেলোয়াড় ইউরোপের ফুটবলে খেলেছেন। মান খুব একটা খারাপ হওয়ারও কথা না। জেমি নাকি খোঁজ নিয়েছেন তার বাংলাদেশি পাসপোর্ট রয়েছে কি না। হয়তো সুযোগ দিতেও পারেন জেমি।