স্পোর্টস রিপোর্টার
বাফুফের প্রয়াত কোচ নুরুল হক মানিক ১৪ জুন মারা গেছেন। বাফুফে তাকে বছরের পুরো বেতনই দেবে বলে জানিয়েছে। মানিক বাফুফের কোচ হিসেবে খুদে ফুটবলারদের নিয়েও কাজ করেছেন, জাপানেও গিয়েছিলেন খুদে ফুটবল দল নিয়ে। মেধাবী এই সাবেক ফুটবলার অসময়ে চলে গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তার জীবনপ্রদীপ নিভে গেছে। সন্তান-স্ত্রী রয়েছে মানিকের। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল জানিয়েছেন, মানিককে এ বছরের পুরো বেতন দিয়ে দেওয়া হবে। প্রায় সাড়ে ৪০০ ডলার বেতন পেতেন মানিক। সঙ্গে আর কিছু করা যায় কি না তা নিয়েও বাফুফের ভাবনা রয়েছে। ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। মিডফিল্ডে খেলতেন, প্রচুর পরিশ্রম করতেও পারতেন। ব্রাদার্স, আরামবাগ, মোহামেডানসহ অনেক দলেই খেলেছেন তিনি। খেলা ছেড়ে খেলোয়াড় গড়ার কাজে জীবন বিলিয়ে যাওয়া মানিক দেশের ফুটবলে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।