আইপিএলের ছাড়পত্র পাবেন প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে খেলার অনুমতি পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল।

আকর্ষণীয় এ টুর্নামেন্টে খেলতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মিডিয়া ম্যানেজার ককেটসো গাওফেতোগে বলেন, ‘আইপিএল উপলক্ষ্যে ক্রিকেটারদের অবশ্যই অনাপত্তিপত্র দিবে ক্রিকেট বোর্ড।’

আইপিএলের ১৩তম আসরে দক্ষিণ আফ্রিকা থেকে দশ ক্রিকেটার অংশ নিবে। ক্রিকেটাররা হলেন- এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ক্রিস মরিস, কুইন্টন ডি কক, ফাফ ডু-প্লেসিস, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, হার্দাস ভিলিওয়েন ও ডেভিড মিলার।

আইপিএলে খেলতে নিজ দেশের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে দায়ভার নিবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, তা স্পষ্ট জানানো হয়েছে। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের খেলোয়াড়দের জন্য এমন কোনো শর্ত জুড়ে দেয়নি।