স্পোর্টস ডেস্ক
শিরোপা আর অবনমনের নিষ্পত্তি হয়ে গেলেও চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ দিন পর্যন্ত ঝুলে আছে ইউরোপীয় প্রতিযোগিতায় দলগুলোর উত্তরণ। আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেড-লেস্টার সিটি আর উলভারহ্যাম্পটন-চেলসির ম্যাচেই হবে যার নিষ্পত্তি।
প্রিমিয়ার লিগের শেষ দিনটা বহুবার হাজির হয়েছে দারুণ রোমাঞ্চ নিয়ে। একেবারে অন্তিম সময়ে শিরোপার নিষ্পত্তি হয়েছে বহুবার। অদম্য লিভারপুলের কারণে এবার সে রোমাঞ্চ অনুপস্থিত। তবে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগে স্থান ঠিকই রোমাঞ্চ নিয়ে আসছে আজ রবিবার। লেস্টারের মাঠে আজ আক্ষরিক অর্থেই ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ফাইনাল’। পরিস্থিতিটা এমন, যে জিতবে, চ্যাম্পিয়ন্স লিগে স্থান নিশ্চিত তার। তবে হেরে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের আশা শেষ হয়ে যাবে না। চেলসি উলভারহ্যাম্পটনের কাছে হারলেই শ্রেয়তর গোল ব্যবধানে রেড ডেভিলরা খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।
লেস্টারের অবশ্য সে বিলাসিতার সুযোগ নেই মোটেও। জিততেই হবে, সমীকরণটা এমন তাদের সামনে। ড্র করলেও অবশ্য একটা সুযোগ থাকে তাদের। সেক্ষেত্রে তাদেরও চাওয়া একটাই, চেলসির হার। চেলসির সমীকরণটাও অভিন্ন, অন্তত ড্র করতেই হবে; জিতলে তো কথাই নেই। তাহলেই অন্য কোনো ম্যাচের অপেক্ষায় না থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করবে দলটি। আর হেরে গেলে ইউনাইটেডের জয়ের প্রার্থনা করতে হবে তাদের। ইউরোপা লিগের লড়াইটাও শেষ দিনে বেশ রোমাঞ্চকর হয়ে দাঁড়িয়েছে। পাঁচ আর ছয়ে থাকা দুই দল ইউরোপায় খেলবে আগামী মৌসুমে। আপাতত ষষ্ঠ অবস্থানের লড়াইয়ে আছে উলভারহ্যাম্পটন উলভস আর টটেনহ্যাম। শেষ দিনে চেলসির আতিথ্য নেওয়া উলভস জয় পেলে সরাসরি ইউরোপা নিশ্চিত করবে। তবে হেরে গেলে সপ্তম স্থানে নেমে গেলেও আশা থাকবে দলটির। সেক্ষেত্রে এফএ কাপ ফাইনালে জিততে হবে চেলসির। একই সমীকরণ সাতে থাকা টটেনহ্যামের জন্যও। তবে উলভস হেরে গেলে টটেনহ্যাম ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্র করলেই সরাসরি ইউরোপা নিশ্চিত করবে।