ইত্তেফাক রিপোর্ট
যেসব সাংবাদিক পুলিশের দুর্নীতির রিপোর্ট প্রচার বা প্রকাশ করেন অনেকেই মনে করেন তারা পুলিশের শত্রু। কিন্তু আমি মনে করি, তাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে নয়। তারাই পুলিশের প্রকৃত বন্ধু। কারণ, ঐসব সাংবাদিক পুলিশের দোষ-ত্রুটি ধরিয়ে দেওয়ায় সেটা সংশোধন করে পুলিশকে এগিয়ে নেওয়া যায়।
গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সুসজ্জিত নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের ভিত্তিতে অনেক সময় দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত পুলিশ এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থা। এ ক্ষেত্রে পুলিশ এবং ক্রাইম রিপোর্টাররা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সহসভাপতি মোরছালিন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক আবু হেনা রাসেল। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ ক্র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।