জমি নিয়ে বিরোধের জের
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সোনারগাঁও পৌর এলাকায় ষাটোর্ধ্ব বয়সের দম্পতিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে আহত ষাটোর্ধ্ব আম্বিয়া খাতুন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে বাদী উল্লেখ করেন, পৌরসভার গোয়ালদী গ্রামের মো. হানিফ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে কফিলউদ্দিনের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। তার জেরে ঘটনার দিন সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হানিফ মিয়ার নেতৃত্বে লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সাজেদা বেগম. মো. সাগরসহ তিন-চার জনের একটি দল ষাটোর্ধ্ব দম্পতি কফিলউদ্দিন ও আম্বিয়া খাতুনকে পিটিয়ে জখম করে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।