অর্থের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির মানি এস্কর্ট সেবা

বিশেষ প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষ্যে হাটে পশু কেনাবেচা, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায়। সেই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতাসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতত্পরতাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই প্রয়োজনে মানি এস্কর্ট সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আতঙ্কে ঢাকার সড়ক অন্য সময়ের চেয়ে অনেকটাই ফাঁকা। সেই সুযোগে একটু অসতর্কতার জন্য কষ্টে উপার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতকারীরা। তাই অর্থ বহন ও উত্তোলনে সতর্কতা অবলম্বন করুন। বড় অঙ্কের অর্থ বহনের ক্ষেত্রে আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

একই সঙ্গে সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য পুলিশ এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্ব্বর হলো: ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১। এছাড়া জাতীয় জরুরি সেবা: ৯৯৯- এ ফোন করেও সেবা পাওয়া যাবে।