গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৭তম সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য ৭৫ কোটি ২ লাখ টাকা মূল বাজেট অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এ বাজেট ঘোষণা করেন। সিন্ডিকেট সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়াসহ সিন্ডিকেটের সদস্যবৃন্দ উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন।
ভাইস চ্যান্সেলর তার বক্তৃতায় বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু, বৃক্ষ পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষা করে, পরিবারের সচ্ছলতা আনে, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে ও পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন, বৃক্ষের পরিচর্যা ও যত্নের প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সত্য রঞ্জন সাহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।