বরিশালের পশুর হাটে চাঁদাবাজি রুখতে হাট কমিটির সঙ্গে পুলিশের সভা

বরিশাল অফিস

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রুখতে হাট কমিটির সঙ্গে সভা করেছে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ। শুক্রবার নগরীর কাউনিয়া থানা ক্যাম্পাসে পশুর হাট কমিটির সঙ্গে মতবিনিময়কালে বিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেন, কোরবানির পশুর হাটে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। সরকারনির্ধারিত নির্দিষ্ট খাত ছাড়া অন্য কোনো ফান্ডে কেউ চাঁদা দেবেন না। তিনি বলেন, কোরবানির পশুর হাটে কেউ কোনো রকম হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবেন। যে কোনো প্রয়োজনে পুলিশ সব সময় পাশে থেকে সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।