ইত্তেফাক রিপোর্ট
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ দশমিক ৯২ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ১৪ শতাংশ শেয়ারের। অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে ৪৭ শতাংশ কোম্পানির। আলোচ্য সময়ে ডিএসইতে ১ হাজার ২৩৭ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ১৭ দশমিক ৯২ শতাংশ কম। আগের সপ্তাহে ১ হাজার ৫০৮ কোটি ৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।