এএফপি
নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশে মাস্ক পরা বাধ্যতামূলক এবং ব্যাপক টেস্টের ঘোষণা দিয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত দেড় কোটির বেশি লোকের মধ্যে এক পঞ্চমাংশই আক্রান্ত হয়েছে ইউরোপে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপিয়ান চ্যাপ্টার গত দুই সপ্তাহে এই মহাদেশে সংক্রমণ বৃদ্ধির কথা তুলে ধরে বলেছে, করোনার বিস্তার রোধে আরো কঠোর ব্যবস্থা নিতে হতে পারে। অন্যান্য অঞ্চলের ন্যায় ইউরোপেও কঠোর লকডাউন থেকে লোকেরা বেরিয়ে আসায় অর্থনীতি পুনরুদ্ধারে কোভিড-১৯ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা সমন্বয় করতে হয়েছে। ইউরোপে হু এর এক মুখপাত্র এএফপিকে বলেন, কিছু দেশে শারীরিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ শিথিল করায় সম্প্রতি কোভিড -১৯ এ পুনরায় সংক্রমণ বৃদ্ধি পাওয়া এই উদ্বেগের কারণ। এই পরিস্থিতিতে পুনরায় বিধিনিষেধ কঠোর করার প্রয়োজন হতে পারে।