নিয়ন্ত্রিত ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সিরীয় সেনাবাহিনীর তিনটি অবস্থানে এ হামলা চালানো হয়
রয়টার্স
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় দেশটির সেনাবাহিনীর তিনটি অবস্থানে হামলা চালিয়েছে কয়েকটি ইসরাইলি হেলিকপ্টার। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে বলে শনিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। নিয়ন্ত্রিত ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এ হামলায় দুই সৈন্য সামান্য আহত হয়েছে এবং ঐ এলাকার বনভূমিতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে তারা।
ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। ঐ মর্টার হামলায় ইসরাইলের কেউ হতাহত না হলেও একটি ভবন ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ‘সিরিয়ান সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ পোস্ট ও তাদের ঘাঁটিতে অবস্থিত গোয়েন্দা তথ্য সংগ্রহ পদ্ধতির অবস্থানসহ বেশ কয়েকটি লক্ষ্যে হামলা চালানো হয়েছে।’ গোলান মালভূমির সিরিয়ার এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, এমনটি জানানোর কয়েক ঘণ্টা পর ইসরাইলি সামরিক বাহিনী সিরিয়ায় হামলা চালায়।
সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লার একজন যোদ্ধা নিহত হন। ইসরাইলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই ইসরাইল-সিরিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইসরাইল জানিয়েছে, এর জেরে তারা লেবানন ও সিরিয়ার সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলে সেনা শক্তি বৃদ্ধি করেছে।