করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা, রাজশাহী ও তালায় কলেজছাত্রসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।
কুমিল্লা :কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো তিন জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান। শনিবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার আজিজুল হকের ছেলে মীর হোসেন (৫৫)। এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ২৬১ জন মারা গেছেন।
রাজশাহী :জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাশেদুল ইসলাম (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রাশেদুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায়। তিনি চলতি বছরে অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন। মৃতের স্বজনরা জানান, বেশ কয়েক দিন যাবত্ সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। কয়েক দিন আগে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনা টেস্টের জন্য নমুনা জমা দেওয়া হয়েছে। কিন্তু ফল এখনো পাননি তারা। শনিবার ভোরে তার মৃত্যু হয়।
তালা (সাতক্ষীরা) :তালায় করোনা উপসর্গ নিয়ে মো. মহিউদ্দীন গাজী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন তালা সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের মৃত সরফুদ্দীন গাজীর ছেলে। শনিবার বিকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে গত ২৬ জুন তার আপন ভাই মো. বজলুর রহমান গাজী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মারা যান।