গতকাল শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এছাড়া শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা মাদক পাচারকারী এবং কুষ্টিয়ায় এক মাদককারবারি বন্দুকযুদ্ধে নিহত হয়।
চট্টগ্রাম অফিস ও বাঁশখালী সংবাদদাতা জানায়, গতকাল শনিবার ভোরে বাঁশখালী উপজেলার সরল এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শের আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে বলে র্যাব জানায়। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, বাঁশখালীর সরল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে শের আলীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত ছুরিখাল দিয়ে মাদকের চালান নিয়ে ফেরার পথে দুই রোহিঙ্গা মাদককারবারি শুক্রবার রাতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়। নিহতরা হলো—বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাবিব উল্লাহর পুত্র মো. ফেরদৌস (৩০) এবং মৃত ছৈয়দ আহমদের পুত্র মো. আব্দুস সালাম (৩৫)। ঘটনাস্থল হতে ২ লাখ ১০ হাজার ইয়াবা, দেশীয় অস্ত্র ও কিরিচ জব্দ করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি ও দৌলতপুর সংবাদদাতা জানান, শুক্রবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী মণ্ডল (৫০) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত আলী মণ্ডলের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে। ঘটনার সময় পুলিশের এক এএসআইসহ তিন জন পুলিশ সদস্য আহত হন বলে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, নিহত ব্যক্তি চিহ্নিত অপরাধী এবং মাদকসহ অন্যান্য অপরাধে তার বিরুদ্ধে থানায় অন্তত আটটি মামলা রয়েছে।