সিলেট এরিয়ার জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস্ (এসআইএন্ডটি) দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে সেনাসদরের নির্দেশক্রমে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর অধীন প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ জনসাধারণের জন্য জরুরি সাহায্য হিসেবে বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিত চিকিত্সা সহায়তা প্রদান করা হচ্ছে।
আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে অসংখ্য পরিবারের মধ্যে শুকনো খাবার, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে গত ২২, ২৩ এবং ২৪ জুলাই ফতেহপুর, হরিপুর এবং জালালাবাদ সেনানিবাসের নিকটবর্তী বিভিন্ন গ্রামে দরিদ্র পরিবারের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রী বিতরণের সামগ্রিক কার্যক্রম কমান্ড্যান্ট, এসআইএন্ডটি-এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার এবং বিভিন্ন পদবীর সেনাসদস্য কর্তৃক গঠিত দল দ্বারা পরিচালনা করা হয়।
দেশব্যাপী করোনা পরিস্থিতির সার্বিক অবনতির পর থেকে বিভিন্ন সময়ে এসআইএন্ডটি কর্তৃক ৮০০ পরিবারকে এরই মধ্যে শুকনো রসদ ও খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। উল্লেখ্য, সেনাসদস্যদের জন্য বরাদ্দকৃত খাবার কম গ্রহণ করে সেখান থেকে সঞ্চিত রসদ ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। এই দুর্যোগকালীন দরিদ্র পরিবারসমূহের জন্য এসআইএন্ডটি-এর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়।