বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে গতকাল সকালে শারমিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। তিনি আদালতে তার তিন দিনের রিমান্ডের আবেদন করলে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সকালে আদালতে রিমান্ডের শুনানির সময় শারমিন দাবি করেন, তিনি পিএইচডির জন্য চীনের উহানে ছুটিতে ছিলেন। মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেশের জন্য কিছু কাজ করতে এই ব্যবসা শুরু করেন। এর আগে আদালতে প্রবেশের সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এছাড়া গ্রেফতারের আগে শারমিন জাহান সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমার প্রতিষ্ঠান মাস্ক উত্পাদন করে না। আমরা এক জায়গা থেকে কিনে মাস্ক অন্য জায়গায় বিক্রি করি। প্রথম দুই লটে কোনো সমস্যা ছিল না। পরের দুই লটের কিছু মাস্ক সমস্যা থাকায় বিএসএমএমইউ ফেরত দিয়েছে। আমি তাদের ব্যাখ্যা দিয়েছি।’
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, শারমিনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে ডিবি। তাকে রিমান্ডে ডিবিতেই জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে আসামি করে শাহবাগ থানায় দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগে (ডিবি) ন্যস্ত হয়েছে। গতকাল শনিবার মামলার তদন্তের দায়িত্ব পেয়ে শারমিনকে ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ।
ডিবির সূত্র জানায়, শারমিন জাহানের বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রী হলের ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময় তিনি। পরে আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক হয়েছিলেন। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে শারমিন চীনের উহানে উচ্চশিক্ষার জন্য যান। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চলতি বছরের শুরুতেই দেশে ফেরেন তিনি। এর আগে চীনে থাকা অবস্থাতেই অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি সরবরাহকারী প্রতিষ্ঠান চালু করেন তিনি।
নকল মাস্ক সরবরাহের দায়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডা. মোজাফফর আহমেদ। মামলায় অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় তাকে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।